আগামী ১৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট। এই ড্রাফটের আগে ক্রিকেটারদের দলে ভেড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে ফ্র্যাঞ্চাইজির মালিকেরা। ইতিমধ্যে দেশের বেশ কিছু নামি-দামি ক্রিকেটারদের রিটেইন এবং কিনে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএলের ক্রিকেটার কেনার সময় আসলে সবচেয়ে বেশি হৈইচৈই হতে দেখা যায় দেশের সবচেয়ে বড় তারকার সাকিব আল হাসানকে নিয়ে।
তবে বিপিএলের এবারের আসরে সাকিব বিপিএল খেলবেন কিনা তা অবশ্য এখনো কারো জানা নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গার্মেন্টস কর্মী হত্যা মামলায় দেশে আসা নিয়ে সংশয় জেগেছে সাকিবের। তবে আশা ছাড়ছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। বিপিএলের এই আসরে সাকিব আল হাসানকে নিয়েই দল করতে চান তিনি। সাকিবের বিষয়ে তানিম জানান, সাকিব বড় মাপের ক্রিকেটার। সাকিবের দেশে আসা নির্ভর করছে সাউথ আফ্রিকার সিরিজের উপর। যদি আসে তাহলে সাকিবকে বিপিএলে পাওয়ার একটা রাস্তা বের হবে।
আরও পড়ুনঃ- শান্তর বক্তব্যে টি টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসরের ইঙ্গিত
সাকিবের প্রসঙ্গে তানিম বিস্তারিত বলেন, ‘সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড়, এটা নিয়ে তো কোন সন্দেহ নেই। তবে বিপিএলে খেলবে কি খেলবে না সেটা তো আমার হাতে নেই। এটা নির্ভর করবে যে সে সাউথ আফ্রিকা সিরিজে খেলছে কি খেলছে না। সাউথ আফ্রিকা সিরিজ খেলতে আসলে তাহলে হয়তো একটা রাস্তা বের হবে। আমরা বুঝতে পারব, পরিষ্কার ধারণা পাব। যে সাউথ আফ্রিকা সিরিজে আসতে পেরেছে তাহলে পরে আসার সুযোগ থাকলেও থাকতে পারে। এখন পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে, আমরা তো চাইছি রাখতে। কিন্তু পুরোটাই সাকিবের ওপর নির্ভর করবে।’
গেলো কিছুদিন আগে সাকিব নিজের অবসর ঘোষণা দেবার সময়ে দেশে এসে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছাপোষণ করে বিসিবির কাছে নিরাপত্তাও চেয়েছিলেন। কিন্তু সাকিবের এই প্রস্তাবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ নাকচ করে দিয়ে বলেছিলেন বিসিবি কারো ব্যাক্তিগত নিরাপত্তা দিতে পারবেনা। সাউথ আফ্রিকা হোক বা বিপিএল, সাকিব দেশে আসতে পারছেন কিনা এটাই এখন বড় প্রশ্ন।




